প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৬ , ৭:২২:৩১ প্রিন্ট সংস্করণ
আমাদের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও বাস্তব প্রয়োজনের ওপর ভিত্তি করে বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। গত বিগত শাসনামলে মানহীন প্রতিষ্ঠানের কারণে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে উল্লেখ করে একটি সমন্বিত, দক্ষ ও কারিগরি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা ও দক্ষ মানবসম্পদ গঠনে তাদের ভূমিকা তুলে ধরে এপিইউবি। প্রতিনিধি দল যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি প্রদান, গবেষণা ও পেটেন্টের পূর্ণ সুযোগ দেওয়া, এআই ও শিল্পভিত্তিক কারিকুলাম চালু করা এবং ইউজিসি-কে (UGC) উন্নয়নমুখী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তোলার দাবি জানায়। একই সঙ্গে নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনে গুণগত মান ও চাহিদাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হয়।
রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও বিশ্ব র্যাঙ্কিংয়ে অর্জনের প্রশংসা করে চ্যান্সেলর হিসেবে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এপিইউবি চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান বেনজীর আহমেদ ও কে.বি.এম. মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার কায়ুম রেজা চৌধুরী, এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য আব্দুল কাসেম হায়দার, কাজী জাহেদুল হাসান, নওশাদ শামসুল আরেফিন এবং পরিচালক বেলাল আহমেদ।





















