আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ৯৯ ডলার

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩:০০:৩৪ প্রিন্ট সংস্করণ

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯ ডলারে পৌঁছেছে। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবারও তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। এদিন ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম সর্বোচ্চ ৯৮ দশমিক শূণ্য ৬ ডলারে ওঠে এবং দিন শেষে ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে স্থির হয়। একই সময়ে অক্টোবরের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ছিল ৯৪ দশমিক ৪৭ ডলার।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথিদের হামলার পর তেলের বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলায় দেশটির কয়েকটি জ্বালানি স্থাপনা আক্রান্ত হওয়ার পাশাপাশি অন্তত ৭৩ জন আহত হয়েছেন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাজারে দামের ওপর চাপ তৈরি করছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধেরও দ্রুত অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

অন্যদিকে, তেহরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং রিয়াদ-সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষও ক্রমেই তীব্র হচ্ছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক অঞ্চল মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশের জ্বালানি অবকাঠামোয় হামলা অব্যাহত থাকলে বিশ্ববাজারে সরবরাহ ও মূল্য—দুই ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব পড়তে পারে।

আরও খবর

Sponsered content