সারাদেশ

দিয়াশলাইয়ের কাঠি সরিয়ে তিল-কিসমিসে সাজল দুর্গাপ্রতিমা

  দ্যুতিদীপন বিশ্বাস: ১৫ অক্টোবর ২০২৬ , ১:৫৯:১৬ প্রিন্ট সংস্করণ

অগ্নিনিরাপত্তার স্বার্থে প্রশাসনের নির্দেশে দিয়াশলাইয়ের কাঠি সরিয়ে সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুরের শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপের প্রতিমাকে নতুনভাবে সাজানো হচ্ছে। কাঠির পরিবর্তে সাদা তিল ও কিসমিস দিয়ে প্রতিমার অলংকার ও পোশাকের নকশা ফুটিয়ে তুলছেন আয়োজক ও প্রতিমাশিল্পীরা।

প্রতিমায় বিপুল পরিমাণ দিয়াশলাইয়ের কাঠি ব্যবহারের কারণে অগ্নিঝুঁকির আশঙ্কা দেখা দেওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কাঠামোটি অপসারণের অনুরোধ জানানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আয়োজক কমিটি নির্দেশনা মেনে দিয়াশলাইয়ের কাঠি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

পূজা শুরুর সময় ঘনিয়ে আসায় পুরো প্রতিমা ভেঙে নতুন করে তৈরি করা কঠিন ছিল। এ অবস্থায় বিকল্প উপায়ে প্রতিমার সাজসজ্জা পরিবর্তনের উদ্যোগ নেন আয়োজক ও শিল্পীরা। দিয়াশলাইয়ের কাঠি সরিয়ে সাদা তিল ও কিসমিস দিয়ে প্রতিমার অলংকার ও পোশাকের নকশা তৈরির কাজ শুরু হয়।

ব্রহ্মরাজপুর পূজা উদ্‌যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক প্রণয় দত্ত বলেন, “প্রশাসন ও সরকারের মূল তাগিদ ছিল মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা। ভক্ত ও দর্শনার্থীদের জানমালের সুরক্ষাকে আমরাও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। তাই নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিয়াশলাইয়ের কাঠি সরিয়ে নেওয়া হয়েছে। এর পরিবর্তে সাদা তিল ও কিসমিস দিয়ে প্রতিমাকে নতুনভাবে সাজানো হচ্ছে।”

স্থানীয় দর্শনার্থী প্রীতম রায় বলেন, “দিয়াশলাইয়ের কাঠি সরিয়ে নেওয়ার কথা শুনে প্রথমে মন খারাপ হয়েছিল। কিন্তু সকালে ফেসবুকে তিল ও কিসমিস দিয়ে করা নকশা দেখে চোখ জুড়িয়ে গেছে। এখনো সরাসরি প্রতিমা দেখা হয়নি। খুব শিগগিরই দেখতে যাব।”

প্রশাসনের নির্দেশনা মেনে বিকল্প উপায়ে প্রতিমা সাজানোর এই উদ্যোগে শিল্পকর্মের নান্দনিকতা ধরে রাখার চেষ্টা করছেন আয়োজকরা। তাঁদের প্রত্যাশা, নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করা সম্ভব হবে।

আরও খবর

Sponsered content