আন্তর্জাতিক

পুলিশ কর্মকর্তা পরিচয়ে নেতাকে বিয়ে করে মূল্যবান সামগ্রী নিয়ে পালালেন নারী

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৬ , ৪:৩৭:০৭ প্রিন্ট সংস্করণ

ভারতে পাঞ্জাব সিভিল সার্ভিসের (পিসিএস) কর্মকর্তা পরিচয় দিয়ে আম আদমি পার্টির (এএপি) এক নেতাকে বিয়ে করেছেন এক নারী। পরে নেতার বাড়ি থেকে স্বর্ণ-রুপার গয়নাসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় অভিযুক্ত নারী মণবিন্দর কৌর-সহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করা হয়েছে। অপর আসামিরা হলেন মণবিন্দর কৌরের ভাই তারলোচন সিং, মা ভারিন্দরজিৎ কৌর, চাচাতো ভাই নরিন্দর সিং গোল্ডি, ভাবি রূপিন্দর কৌর এবং সাবেক গ্রাম সরপঞ্চ সুরিন্দর সিং রানা।

অমরিন্দর সিং মান্ডোফাল এএপির পাঞ্জাবের যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সদস্য এবং সিরহিন্দ মার্কেট কমিটির চেয়ারম্যান।

অমরিন্দর সিং মান্ডোফাল দাবি করেন, মণবিন্দর কৌর ও তার পরিবারের সদস্যরা তাকে পিসিএস কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে তাকে অবিবাহিত বলেও জানানো হয়েছিল। এমনকি তার বয়স নিয়েও মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল।

অমরিন্দর সিংয়ের সঙ্গে মণবিন্দর কৌরের বিয়ে হয় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি। বিয়েতে পাঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সন্ধওয়ান, মন্ত্রী তরুণপ্রীত সিং সৌন্ধসহ এএপির কয়েকজন শীর্ষ নেতা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিয়ের কয়েক মাস পর মণবিন্দর বাড়ি থেকে স্বর্ণ ও রুপার গয়না এবং অন্য মূল্যবান সামগ্রী নিয়ে চলে যান বলে অভিযোগ করেন অমরিন্দর। পরে তিনি স্ত্রীর অতীত সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, তার আগে বিয়ে হয়েছিল এবং তিনি তালাকপ্রাপ্ত। তার ১৮ বছর বয়সী এক ছেলেও রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সবাই তারন জেলার ভিখিউইন্ড থানার আওতাধীন সুর সিং গ্রামের বাসিন্দা। ঘটনাটি তদন্ত করছে পুলিশ এবং অভিযুক্তদের সন্ধানে চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content