আন্তর্জাতিক

লাভান দ্বীপে মার্কিন হামলায় তিন বাসিজ সদস্য নিহত

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ২:৩৬:১৯ প্রিন্ট সংস্করণ

ইরানের লাভান দ্বীপে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় তিনজন বাসিজ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহর।

দেশটির বার্তাসংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর চালানো মার্কিন বিমান হামলায় ইরানে সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লাভান দ্বীপে মোতায়েন থাকা তিন বাসিজ সদস্যও রয়েছেন।

বাসিজ হচ্ছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অধীন একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী। এতে সাধারণ বেসামরিক নাগরিকদেরও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বাহিনীটি ইরানের অত্যন্ত আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত এবং এর সদস্যদের বড় একটি অংশ তরুণ ও শ্রমজীবী শ্রেণির মানুষ।

বিভিন্ন হিসাব অনুযায়ী, বাসিজ বাহিনীর সদস্যসংখ্যা প্রায় ৪ লাখ ৫০ হাজার।

ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা মোকাবিলাতেও দীর্ঘদিন ধরে বাসিজ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ ও বিভিন্ন গণআন্দোলনের সময় তাদের প্রায়ই সামনের সারিতে মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আন্দোলন দমনে বাসিজ বাহিনী বড় ভূমিকা পালন করেছে। ফলে দেশটির নিরাপত্তা কাঠামো ও রাজনৈতিক ব্যবস্থায় এই বাহিনীকে গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

লাভান দ্বীপটি পারস্য উপসাগরে অবস্থিত এবং ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর একটি কেন্দ্র। দ্বীপটির কাছে ইরানের সামরিক ও জ্বালানি স্থাপনা থাকায় চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে।

আরও খবর

Sponsered content