প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ২:২৭:০৯ প্রিন্ট সংস্করণ
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘গ্যাসের সংকট বাংলাদেশের একার নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।’
আজ বুধবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তিনশো ফিট এলাকায় গাছের চারা রোপন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘মহেশখালীর গ্যাসের টার্মিনালে কারিগরি ত্রুটি হয়েছিল সেটা এখন ঠিক হয়ে এসছে। ওখানে গ্যাস পুনর্ভরণ হয়ে আপনারা দেখবেন যে, এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ গ্যাসের সচল সরবরাহ হবে, গ্যাস সংকটের নিরসন হবে।’
তিনি বলেন, ‘রান্নাঘরে এখন গ্যাসের অভাবে যে চুলা অল্প জ্বলছে, সেই চুলা আবার জ্বলতে থাকবে। মিল-কল-কারখানার জন্য যে পর্যাপ্ত জ্বালানি দরকার, সেটির ব্যবস্থা ইনশাআল্লাহ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে হয়ে যাবে…এটা সরকারের কমিটমেন্ট।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জনগণের দুর্ভোগ নিরসন করার জন্য ইতোমধ্যেই দ্রুত এলএনজি কেনা, জ্বালানি কেনার জন্য সরকার আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। বাজেটে জ্বালানি খাতে যে বরাদ্ধ আছে তার অতিরিক্ত এটি।’
‘সরকার বসে নেই’ বলে ভাষ্য রিজভীর। জ্বালানি সংকট বর্তমান সরকারের ‘ত্রুটির কারণে নয়’ জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘এই সংকট সরকারের ত্রুটির কারণে নয়। আপনারা জানেন, আমেরিকা-ইরান যুদ্ধ চলছে এবং মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে সবচাইতে বেশি জ্বালানির জাহাজ আসে, কার্গো আসে, সেই হরমুজ প্রণালি বন্ধ।’
এটি বৈশ্বিক একটি সংকট উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, ‘এই সংকট কিভাবে নিরসন করা যায় সেজন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ প্রত্যেকটি জায়গায় আমাদের সরকার উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে এবং দ্রুত যাতে এটা মোকাবিলা করা যায় সেই ব্যবস্থা তারা নিয়েছে।’
বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে মহানগর উত্তরের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশের বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে নিম গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন রিজভী। এ সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, মহানগর উত্তরের মোস্তফা জামানসহ নেতারা উপস্থিত ছিলেন।





















