শিক্ষা ও শিক্ষাঙ্গন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে পরিবহন কার্ড

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১:০২:১৫ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিট দখল ঠেকাতে এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে চালু হচ্ছে ‘পরিবহন কার্ড’। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কার্ড চালু করবে বলে জানিয়েছেন পরিবহন পুল।

পরিবহন পুল সূত্রে জানা যায়, বর্তমানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় পরিচালিত মোট ২৫টি বাস রয়েছে। এর মধ্যে ১২টি নীল বাস, তিনটি মিনিবাস এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) থেকে ভাড়া নেওয়া ১০টি বাস রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী এসব বাসে শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে যাতায়াত করেন।

অভিযোগ রয়েছে, এসব বাসে প্রতিদিন শিক্ষার্থীরা কলম, খাতা, মানিব্যাগ, মোবাইলের কাভারসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সিট দখল করে। এমনকি একজন শিক্ষার্থী একাধিক সিট দখলেরও অভিযোগ রয়েছে।

এসব বিষয় সমাধানের জন্য পরিবহন কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। পরিবহন কার্ড চালু হলে একজন শিক্ষার্থী একাধিক সিট দখল করতে পারবে না। বহিরাগতরাও বাসে যাতায়াত করতে পারবে না বলে জানান পরিবহন পুল।

পরিবহন পুলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাকসুদুল করিম বলেন, এখন শিক্ষার্থীরা কলম-পেনসিল, মানিব্যাগ, মোবাইলের কাভার ইত্যাদি দিয়ে সিট রাখে, যেটা দৃষ্টিকটু দেখায়। এবং অনেক বহিরাগতও বাসে যাতায়াতের অভিযোগ রয়েছে। এসব বিষয় সমাধানের জন্য উপাচার্য স্যারের নির্দেশক্রমে এই কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে নাগাদ চালু হবে প্রশ্নের জবাবে ডিনি বলেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা আছে।

আরও খবর

Sponsered content