ভোলা প্রতিনিধি: ৭ জুন ২০২৬ , ৮:১৪:৫৯ প্রিন্ট সংস্করণ
হাফেজ মো. হাসান শরীফকে সভাপতি, মো. আব্দুল বাতেনকে সাধারণ সম্পাদক-১ এবং মো. আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক-২ মনোনীত করে ৫৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ভোলা জেলা শাখার নতুন কমিটি আগামী এক বছরের জন্য গঠন করা হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ১০টায় বোরহানউদ্দিন মডেল মসজিদ অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা উত্তর শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবু ওয়াক্কাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোহেল মাহমুদ। প্রধান মেহমান ছিলেন বোরহানউদ্দিন মজমের হাট সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা উত্তর শাখার সাবেক সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ ফয়জুল আলম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা দক্ষিণ শাখার আহ্বায়ক আলহাজ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসেন, চরফ্যাশন মাঝেরচর সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ভোলা জেলা দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা এ কে এম লোকমান, চরফ্যাশন করিমজান মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ভোলা জেলা দক্ষিণ শাখার সদস্য সচিব আলহাজ মাওলানা আব্দুল খালেক, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এবং বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আবু ওয়াক্কাস বলেন, ইসলামের নামে অপব্যাখ্যা, অপসংস্কৃতি ও বিভ্রান্তিকর মতবাদের বিস্তার তরুণ সমাজের জন্য উদ্বেগজনক। তিনি শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ একটি অরাজনৈতিক দ্বীনি ছাত্র সংগঠন হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের মাদক, অশ্লীলতা, নৈতিক অবক্ষয় ও সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থেকে আদর্শবান, সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।




















