প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ১২:০০:১৩ প্রিন্ট সংস্করণ
মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনস্বার্থ বিবেচনা করে পরিবেশবান্ধব এই আধুনিক গণপরিবহন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে জানানো হয়েছে, মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।এর আগে এই অব্যাহতির সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজলভ্য করতে সরকার গত ২৩ ডিসেম্বর এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এনবিআর জানিয়েছে, মেট্রোরেল বর্তমানে ঢাকার যানজট নিরসন ও কর্মঘণ্টা সাশ্রয়ে যুগান্তকারী ভূমিকা রাখছে। এই সেবাকে আরও জনবান্ধব করতে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্তটি যাত্রীদের জন্য বড় স্বস্তি হিসেবে কাজ করবে। এর ফলে আপাতত মেট্রোরেলের ভাড়া বাড়ছে না।
প্রসঙ্গত, ২০২৩ সালের শুরু থেকেই মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপের উদ্যোগ নেয় এনবিআর। ওই বছরের ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের তৎকালীন কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (মেট্রোরেল কোম্পানি) চিঠি দেন।
পরে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও হয়। তবে ভ্যাট আরোপ থেকে শেষ পর্যন্ত পিছিয়ে আসে এনবিআর।














