প্রতিনিধি ১৫ মে ২০২৬ , ১১:৩৩:৪৭ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোরে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উল্টে গেলে এ যানজটের সূত্রপাত হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দাউদকান্দি সেতুর মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি কাভার্ডভ্যান উল্টে যায়। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল স্থবির হয়ে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের ব্যাপ্তি গজারিয়া অংশের মেঘনা সেতু পর্যন্ত বিস্তৃত হয়।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসের যাত্রী ও চালকেরা। বিশেষ করে নারী ও শিশুদের বিড়ম্বনা ছিল চরমে।
বাসচালক আব্দুল হামিদ বলেন, আমি তেতৈতলা হাশ পয়েন্ট এলাকা থেকে যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।
গজারিয়া হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরানোর কাজ চলমান রয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।








