মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ৮:০২:২৩ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের হিলি বাজারে মাত্র চার দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের কেজি প্রতি দাম ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় আমদানি কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, চার দিন আগে প্রকারভেদে যে পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০ টাকায়। নতুন মুড়ি পেঁয়াজও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকায়।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সাকিল বলেন, “বাজারে এখন সরবরাহ খুব কম। ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে। আমরা পাইকারি বাজার থেকে উচ্চ দামে কিনছি, তাই খুচরা বিক্রিতেও দাম বাড়াতে বাধ্য হচ্ছি।”
আরেক ব্যবসায়ী ফেরদৌস হোসেন বলেন, “মাত্র চার দিনের ব্যবধানে এভাবে দাম বাড়ায় ক্রেতারা ক্ষুব্ধ। কিন্তু আমরাও অসহায়—বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব না।”
দাম বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাঁদের অভিযোগ, হঠাৎ এমন উর্ধ্বগতিতে নিত্যপ্রয়োজনীয় বাজার খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে।
ক্রেতা রবিউল ইসলাম বলেন, “কয়েক দিন আগেও ৯০ টাকায় পেঁয়াজ কিনেছি। আজ এসে দেখি কেজি ১২০ টাকা! এভাবে চলতে থাকলে বাজার করা সত্যিই কষ্টকর হয়ে যাবে।”
স্থানীয় ভোক্তারা পেঁয়াজের বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন।




















