নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া ১১ অক্টোবর ২০২৬ , ১২:৪৭:৫৫ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌসুমি জ্বর, সর্দি-কাশি ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ৫০ শয্যার এ হাসপাতালে নির্ধারিত শয্যার বাইরে বারান্দার মেঝেতেও রোগীদের চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, গত প্রায় এক সপ্তাহে এখানে প্রায় ১৩০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষ আটজন, নারী ছয়জন ও শিশু চারজন।
শুধু ভর্তি রোগী নয়, হাসপাতালের বহির্বিভাগেও বাড়ছে রোগীর ভিড়। গত এক সপ্তাহে বিভিন্ন বয়সের ২ হাজার ৩৬০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। এতে প্রতিদিন দীর্ঘ হচ্ছে রোগীদের অপেক্ষার সারি। পাশাপাশি ভর্তি রোগীদের জায়গা দিতে বাড়তি চাপ সামলাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসছেন। আগের তুলনায় রোগীর চাপ বেড়ে যাওয়ায় নির্ধারিত শয্যার পাশাপাশি অন্যান্য জায়গায়ও রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ রয়েছে। নির্ধারিত শয্যায় রোগীদের পাশাপাশি বারান্দাতেও অতিরিক্ত রোগীরা অবস্থান করছেন। জ্বর, সর্দি ও কাশির উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যাও চোখে পড়ার মতো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের শয্যা ও জনবল সক্ষমতা বাড়ানোর প্রয়োজন।
সংশ্লিষ্টরা জানান, মৌসুমি জ্বর, সর্দি-কাশি ও ডেঙ্গুর প্রকোপে রোগীর চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু সন্দেহে আসা রোগীদের পরীক্ষা ও পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।





















