সারাদেশ

তানোরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ


রাজশাহীর তানোরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সীমান্ত এলাকার মালশিরা গ্রামে প্রথমে আবিদা জুয়েলার্সের মালিক মোয়াজ্জেম সোনারের (৪০) বাড়িতে প্রবেশ করে ৭–৮ জনের ডাকাতদল। তারা দম্পতিকে ওড়না দিয়ে বেঁধে রেখে ঘরে থাকা কাঠের আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে।

প্রায় তিন ঘণ্টা পর একই কায়দায় ডাকাতরা পাশের বেলাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। সেখানে পরিবারের সবাইকে বেঁধে রেখে কাঠের আলমারি, স্টিলের শোকেজ ও বাক্স ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, ডাকাতরা স্থানীয় ভাষায় কথা বলেছে। তাদের বয়স আনুমানিক ৩০–৩৫ বছর। আন্ডারওয়ার, লুঙ্গি (কাঁচা দেওয়া অবস্থায়) ও হাফপ্যান্ট পরিহিত অবস্থায় তারা ঘরে প্রবেশ করে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় এবং পরিবারের সদস্যদের ব্যাপকভাবে মারধর করে।

পুলিশের সহকারী সুপার মির্জা আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম জানান, “উভয় ডাকাতির ঘটনায় একটি টিম গঠন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান শুরু হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

আরও খবর

Sponsered content