শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা ২৯ মার্চ ২০২৬ , ৬:০৬:১১ প্রিন্ট সংস্করণ
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে স্থানীয় চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আবুল কালাম বাবলা বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি খেলাধুলা মানসিক প্রশান্তি ও সামাজিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাক্তাররা মানুষের সেবার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিচ্ছেন, যা প্রশংসনীয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ডা. রাজিব কওছার, মুখ্য সংগঠক ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. সুমন কুমার দাস, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আরএসএম হাসানুল হক এবং ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ, ডা. মনিরুজ্জামান, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. সাকিব, ডা. মেহেরুপসহ স্থানীয় চিকিৎসক, সহকারী চিকিৎসক ও বিপুলসংখ্যক দর্শক।
উদ্বোধনী খেলায় ফারজানা ক্লিনিক একাদশ ও একতা হাসপাতাল একাদশ মুখোমুখি হয়। টসে জিতে ফারজানা ক্লিনিক একাদশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবির কোর্সপ্রাপ্ত ফজলুর রহমান ও লিটু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।




















