আন্তর্জাতিক

মোদির পোস্ট রেস্ট্রিক্ট করায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৬ , ১২:১০:০২ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমিত (রেস্ট্রিক্ট) করে দেওয়ার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মেটা। কোম্পানিটির প্রধান বৈশ্বিক বিষয়ক কর্মকর্তা (চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার) জোয়েল ক্যাপলান বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

ক্যাপলান বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির পোস্ট সীমিত করার ভুলের জন্য মেটার পক্ষ থেকে আমি ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি।’

গত জুলাইয়ে ফেসবুকে মোদির একটি পোস্ট সাময়িকভাবে সীমিত হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে মেটার কর্মকর্তাদের তলব করে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। পরে মেটা জানায়, এটি একটি অনিচ্ছাকৃত পরিচালনাগত (অপারেশনাল) ত্রুটির কারণে ঘটেছিল।

এদিকে, ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ফেসবুকে এমন কিছু ভিডিও প্রকাশিত হয়েছিল, যাতে প্রধানমন্ত্রী মোদিকে আপত্তিকর ভাষায় উপস্থাপন করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ভিডিও এমন সময়ে ছড়িয়ে পড়ে, যখন জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে ব্যাপক শিক্ষার্থী বিক্ষোভ চলছিল। ওই আন্দোলনের জেরে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। একই সময়ে প্রধানমন্ত্রী মোদিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা, ব্যঙ্গ ও বিদ্রূপও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে মেটা ও ভারত সরকারের মধ্যে কনটেন্ট ব্যবস্থাপনা নিয়ে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

অন্যদিকে, স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গও ভারত সরকারের কাছে কোম্পানির প্ল্যাটফর্মে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট, ডিপফেক এবং অন্যান্য পরিচালনাগত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

প্রতিবেদনগুলোতে বলা হয়, ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে মেটা প্রতিনিধিদের এক বৈঠকে জাকারবার্গ এই ক্ষমা প্রার্থনা করেন। তবে এ বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে জুলাই মাসে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট ও সেগুলোর প্রচারমূলক বিজ্ঞাপন অপসারণের নির্দেশ দেয় ভারত সরকার। সে সময় মেটা জানিয়েছিল, শিশু যৌন নির্যাতনসংক্রান্ত যেকোনো কনটেন্টের বিরুদ্ধে তাদের ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে এবং এ ধরনের কনটেন্ট শনাক্ত ও অপসারণের প্রযুক্তি আরও শক্তিশালী করতে তারা কাজ করছে।

আরও খবর

Sponsered content