সারাদেশ

এমপিকে প্রধান অতিথি করায় বিরোধ, বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৭:৫৬ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর চারঘাটে ইসলামী জলসায় স্থানীয় এমপি আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করা নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে দলের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে জেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত এরশাদ আলীর (৬৫) বাড়ি সিপাইপাড়া এলাকায়। তিনি ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য। এরশাদ স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় লোকজন মাহফিল আয়োজন নিয়ে মসজিদে আলোচনায় বসেন। এ সময় এক পক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চান, আর এরশাদসহ অন্যরা চান স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করতে। এ সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়। এর আড়াই মাস আগেও একই বিষয়ে বিতর্ক হয়ে মাহফিল আয়োজন স্থগিত হয়। ওই ঘটনায় মারামারিতে ৪ জন আহত হন। এ নিয়ে একটি মামলাও হয়েছে।

নিহত এরশাদ আলীর পরিবারের সদস্যরা জানান, রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় আনোয়ার হোসেন উজ্জ্বলের কয়েকজন অনুসারী তার পথ রোধ করেন। এক পর্যায়ে গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়।

তবে, এ ব্যাপারে আনোয়ার হোসেন উজ্জ্বলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের আইনী ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’

আরও খবর

Sponsered content