জাতীয়

তফসিল ঘোষণা কবে, জানালেন ইসি মাছউদ

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ২:৫০:৫৫ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।

এ সময় তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। তফসিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে এ কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হবে। সেখান থেকে ফিরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে এদিন সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তবে কোনো কারণে বুধবার তপসিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও খবর

Sponsered content