সারাদেশ

আড়ানী রেলস্টেশনের কাজ নিয়ে সংসদ সদস্যকে জড়িয়ে প্রকাশিত খবর উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ

  বাঘা (রাজশাহী) প্রতিনিধি : ১০ মে ২০২৬ , ১১:৩০:২৩ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে চলমান উন্নয়ন কাজ বন্ধ ও কাজের ভাগ দাবি সংক্রান্ত প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) আড়ানী রেলস্টেশন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সাইট ম্যানেজার ও কেয়ারটেকার মো. আব্দুল্লাহ আল হাসান ডাবলু।

তিনি বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রেলওয়ের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাজের ভাগ দাবি করেছেন। এ ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, সংবাদে উল্লেখ করা হয়েছে গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পরিচালনা করতে পারেনি। বাস্তবে ওই দিনসহ প্রতিদিনই নিয়মিতভাবে কাজ চলমান ছিল এবং বর্তমানে কাজ অব্যাহত রয়েছে।

প্রতিবাদলিপিতে জানানো হয়, আড়ানী রেলস্টেশনের ১ নম্বর লাইনের পুরোনো কাঠের স্লিপার অপসারণ করে কংক্রিট স্লিপার ও পাথর স্থাপনের কাজ বাস্তবায়ন করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন। প্রায় ৬৩০ মিটার এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এ কাজ চলমান রয়েছে। ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন গত ২৭ এপ্রিল থেকে নিয়মিতভাবে কাজ পরিচালনা করছেন।

মো. ডাবলু বলেন, ঠিকাদার আশরাফ উদ্দিন তাকে জানিয়েছেন, কাজ শুরুর পর থেকে কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ কাজের অগ্রগতিতে বাধা দেয়নি বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আবু সাইদ চাঁদের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

আরও খবর

Sponsered content