মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১১ মার্চ ২০২৬ , ৬:৩৫:০২ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে ট্যাপেন্ডাডল ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের একটি দল মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কেডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় কুখ্যাত মাদক কারবারি মোছাঃ মনি ওরফে সাথীর কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্ডাডল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মোছাঃ মনি (৩০) পৌর শহরের চকপাড়া ফিসারি অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতে ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর আগে বিভিন্ন সময় মাদকসহ তাকে কয়েকবার গ্রেফতার করা হলেও প্রতিবার জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বেচাকেনা ও সেবনকারীদের আখড়া হিসেবে পরিচিত রেলস্টেশন সংলগ্ন কেডিসি রোড এলাকা থেকে কয়েকদিন আগেও মোছাঃ গেনদি নামের আরেক মাদক কারবারিকে মাদকসহ আটক করা হয়েছিল।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার আওতাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে তিনি সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।




















