প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৮:১১:২৮ প্রিন্ট সংস্করণ
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে ব্যাংকটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ডে ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন এনামুল হক। এ সময়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেছেন তিনি। স্থানীয় করপোরেট, কমোডিটি ট্রেডিং ও এগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সিইও হওয়ার আগে ২০২৫ সালের এপ্রিল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এনামুল হক। এ সময়ে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধির সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনার সমন্বয় এবং নিয়ন্ত্রক সংস্থার নীতি ও নির্দেশনা পরিপালনে কাজ করেন তিনি। একই সময়ে ব্যাংকের ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
নতুন দায়িত্ব নিয়ে এনামুল হক বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও হতে পারা তার জন্য অত্যন্ত সম্মানের। গত ২৫ বছরের বেশি সময় ধরে ব্যাংকটি তাঁর পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নতুন দায়িত্বকে তিনি দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতির পাশাপাশি বড় দায়িত্ব হিসেবেও দেখছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সংযোগ ও সক্ষমতাকে আরও ভালোভাবে কাজে লাগানো, ক্লায়েন্ট ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সবার কাছে ব্যাংকটির বিশ্বস্ত অংশীদার হিসেবে অবস্থান আরও শক্ত করা তাঁর অগ্রাধিকার থাকবে।
ব্যাংকের বাইরে দেশের আর্থিক খাতেও কাজ করেছেন এনামুল হক। ২০২৩ থেকে ২০২৫ মেয়াদে এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড বন্ডের কো-চেয়ার ছিলেন তিনি।
এনামুল হক অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনের বাইরে ভ্রমণ ও চিত্রকলার প্রতি তার আগ্রহ রয়েছে।















