অর্থ-বাণিজ্য

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ , ৮:৩৩:৪০ প্রিন্ট সংস্করণ

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আলহাজ্ব সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এর আগেও বদিউর রহমান ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তার নেতৃত্বে ধারাবাহিক সফলতার মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হয়। তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ছিলেন। আলহামদুলিল্লাহ, সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে পরবর্তীতে আমার দায়িত্বের ৮ বছরে আমরা এই ব্যাংকটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সক্ষম হই। বর্তমানে ২০২৬ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আবারো যখন বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তেমনই কঠিন এক চ্যালেঞ্জের মুখে আমাকে পুনরায় পর্ষদের দায়িত্ব দেওয়া হলো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমার উপরে অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা করবো। ইনশাল্লাহ্, অতীতের মতো অচিরেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আবারও ঘুরে দাঁড়াবে।

নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ডিভিশন, কেডিএস এক্সেসরিজ ডিভিশন, কেডিএস টেক্সটাইল ডিভিশন, কেডিএস স্টিল ডিভিশন, কেডিএস লজিস্টিক ডিভিশন, কেডিএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ডিভিশন। তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি।

আলহাজ্ব সেলিম রহমান এর আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান হিসেবে ২০২১ এবং ২০২৪ সালে দুই মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করেন।

আরও খবর

Sponsered content