প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ৩:০০:২৯ প্রিন্ট সংস্করণ
আরএকে সিরামিকস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ খোরশেদ আলম।
গত বুধবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব পালন শুরু করেছেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক কৌশল প্রণয়ন, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক উন্নয়ন ও করপোরেট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে খোরশেদ আলমের। তার নেতৃত্বে আরএকে সিরামিকস বাংলাদেশের কৌশলগত প্রবৃদ্ধি আরও গতিশীল হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং কৌশলগত দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, পরিচালনাগত উৎকর্ষ বাড়ানো, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং গ্রাহক ও অংশীজনদের জন্য অধিকতর মূল্য সৃষ্টিতে নেতৃত্ব দেবেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘আরএকে সিরামিকস বাংলাদেশে যোগ দিতে পেরে আমি আনন্দিত। গুণগত মান, উদ্ভাবন এবং গ্রাহকের আস্থার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’
তিনি জানান, দক্ষ সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বাজারে নেতৃত্বের অবস্থান আরও সুসংহত করতে তিনি কাজ করবেন।
নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে আরএকে সিরামিকস বাংলাদেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, খোরশেদ আলমের কৌশলগত দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের দক্ষতা এবং শিল্প খাতে অর্জিত অভিজ্ঞতা প্রতিষ্ঠানটিকে প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষের নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বমানের উৎপাদনব্যবস্থা, আধুনিক প্রযুক্তি, বৈচিত্র্যময় পণ্যসম্ভার এবং দেশব্যাপী শক্তিশালী পরিবেশক নেটওয়ার্কের জন্য আরএকে সিরামিকস বাংলাদেশ পরিচিত। দেশীয় বাজারে অবস্থান শক্তিশালী করার পাশাপাশি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারেও কার্যক্রম সম্প্রসারণ করছে।





















