সারাদেশ

মাগুরায় ‘মামলাবাজ’ আতঙ্কে অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  মাগুরা প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৩:৩৯ প্রিন্ট সংস্করণ


মাগুরার শ্রীপুর উপজেলার ছোট উদাস গ্রামের বাসিন্দা ছমির শেখকে ঘিরে চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। পেশায় তিনি সিএনজি চালক হলেও গ্রামে তিনি পরিচিত ‘মামলাবাজ’ হিসেবেই। অভিযোগ রয়েছে, সামান্য বিষয়কে কেন্দ্র করে তিনি একের পর এক মামলা ও মামলার ভয় দেখিয়ে মানুষকে হয়রানি করে আসছেন। এমনকি তার করা অভিযোগ থেকে রেহাই পায়নি নিজের বাবা ও আপন বড় ভাইও।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছমির শেখের কারণে দীর্ঘদিন ধরেই গ্রামবাসী ভোগান্তির মধ্যে রয়েছেন। প্রতিবেশী আলাউদ্দিনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া ও মামলা দেওয়ার ভয় দেখানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, ছমির শেখ ইতোমধ্যে নিজের বাবা আব্দুস সামাদ শেখ, বড় ভাই কেছমত শেখ ছাড়াও একই গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডল, সোহেল মণ্ডল, আকমল মণ্ডল, চাঁদ আলী, হাসানসহ অন্তত ১০ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করাই তার মূল উদ্দেশ্য বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে ছমির শেখের বড় ভাই কেছমত শেখ বলেন, “আইন তো একটা আছে। সে যদি বেআইনি কাজ করে, তাহলে আইনই তার বিচার করবে। আমরা সাধারণ মানুষ, আমাদের কিছু করার নেই।”

অন্যদিকে প্রতিবেশী আলাউদ্দিন অভিযোগ করে বলেন, “২০১০ সালে ছমির শেখ আমার কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নেয় একটি গ্রামবাংলা গাড়ি কেনার জন্য। ছয় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও সে তা দেয়নি। টাকা চাইতে গেলে আমাকে হুমকি দেয় ও মারতে আসে। বাধ্য হয়ে আমি থানায় অভিযোগ করলে এখন সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে। সে দাবি করছে আমি নাকি ২০১৩ সালে সরকারি ঘর দেওয়ার কথা বলে তার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছি—যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ছমির শেখ। তিনি বলেন, “আমার বাবা খুব ভালো মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আমি কেন তার নামে মামলা করবো? ভাইয়ের সঙ্গে জমি সংক্রান্ত একটি বিষয় ছিল, সেটি মিটমাট হয়ে গেছে। আমি কারো বিরুদ্ধে কোনো মামলা দেইনি।”

এদিকে এলাকাবাসী জানান, চলমান এই বিরোধ ও মামলার আতঙ্কে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও স্থায়ী সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর

Sponsered content