জাতীয়

যে কারণে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৮:০৪ প্রিন্ট সংস্করণ

চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর কেন্দ্রের কোনো কার্যক্রম চলবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।

এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস। এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি পালন করবে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে। এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও খবর

Sponsered content