সারাদেশ

মর্নিং ওয়াকে গিয়ে বাসচাপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:০২:৫১ প্রিন্ট সংস্করণ

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে মর্নিং ওয়াকে গিয়ে সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসচাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের সুদেব বিশ্বাসের ছেলে এবং পেশায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা উজিরপুরে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন বিশ্বাস প্রতিদিনের ন্যায় মর্নিং ওয়াকে গিয়ে রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে ড্রাইভার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content