সারাদেশ

সিটি করপোরেশন হতে যাচ্ছে কক্সবাজার, যুক্ত হচ্ছে ৫ ইউনিয়ন

  কক্সবাজার জেলা প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ২:২৪:৩৮ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। বর্তমান কক্সবাজার পৌরসভা সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রস্তাবিত সীমানা নির্ধারণের একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রস্তাবনাটি বাস্তবায়িত হলে বর্তমান কক্সবাজার পৌরসভার সঙ্গে দক্ষিণ মিঠাছড়ি, খুনিয়াপালং, খুরুশকুল, পিএমখালী ও ঝিলংজা ইউনিয়নের নির্দিষ্ট অংশ যুক্ত হবে। এতে প্রস্তাবিত সিটি করপোরেশনের মোট আয়তন দাঁড়াবে ১৬৯ দশমিক ৬৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১০ লাখ ৮০ হাজার।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ মিঠাছড়ি, খুনিয়াপালং, খুরুশকুল ও পিএমখালী ইউনিয়ন সম্পূর্ণভাবে এবং ঝিলংজা ইউনিয়নের নির্দিষ্ট কিছু মৌজা সিটি করপোরেশনের আওতায় আসবে।

প্রতিবেদনে দেওয়া হিসাব অনুযায়ী, দক্ষিণ মিঠাছড়ির আয়তন ১৮ বর্গকিলোমিটার, খুনিয়াপালং ৪৭ দশমিক ৮২, খুরুশকুল ২৩ দশমিক ৬৭, পিএমখালী ২৭ দশমিক ২৫ এবং ঝিলংজার প্রস্তাবিত অংশ ২০ বর্গকিলোমিটার। এর সঙ্গে বর্তমান কক্সবাজার পৌরসভার ৩২ দশমিক ৯০ বর্গকিলোমিটার এলাকা যুক্ত হবে।

২০২২ সালের জনশুমারি অনুযায়ী, নতুনভাবে অন্তর্ভুক্তির প্রস্তাব করা এলাকাগুলোর মোট জনসংখ্যা ছিল ৪ লাখ ৮ হাজার ৭২৭ জন। তবে প্রশাসনিক প্রতিবেদনের বর্তমান হিসাব অনুযায়ী, এসব এলাকায় বর্তমানে প্রায় ১০ লাখ ৮০ হাজার মানুষের বসবাস রয়েছে।

কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী এবং সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া স্বাক্ষরিত যৌথ নথিতে প্রস্তাবিত সীমানা ও সংশ্লিষ্ট তথ্য উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করা হলে অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, আধুনিক সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসতে পারে। তবে নতুন কর কাঠামো, প্রশাসনিক পরিবর্তন এবং নাগরিক সেবার কাঠামো পুনর্বিন্যাসের কারণে সাময়িক ভোগান্তির আশঙ্কাও করছেন স্থানীয়দের কেউ কেউ।

প্রস্তাবনাটি বাস্তবায়িত হলে পর্যটননির্ভর কক্সবাজারের প্রশাসনিক ও ভৌগোলিক পরিধি বাড়ার পাশাপাশি নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content