হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ২৪ অক্টোবর ২০২৫ , ৬:১৩:১১ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুয়ার আসর থেকে জুয়ায় জড়িত থাকার অপরাধে আবু হায়াত ও ফারুক হোসেন (৩২) নামে দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার রাতোর এলাকায় অনুষ্ঠিত ডুমুরকালি মেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় জুয়ার বোর্ড ও খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতার আবু হায়াত ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের আরাজী ফকদনপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এবং ফারুক হোসেন একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের দু’জনকে ৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক জানান, দণ্ডিত দু’জনকে রাতেই জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











