প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১:১৮:২০ প্রিন্ট সংস্করণ
বলিউডে নতুন সিনেমা ‘আওয়ারাপন টু’ নিয়ে সাফল্যের সময় পার করছেন অভিনেতা ইমরান হাশমি। তবে বক্স অফিসে ছবিটির দারুণ সাড়া পাওয়ার মধ্যেই ভাইরাসবাহিত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।
ভারতীয় বার্তাসংস্থা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মুম্বাইয়ে ইমরানের শারীরিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সোয়াইন ফ্লুর ভাইরাস শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
কাজের প্রয়োজনে সম্প্রতি ভারতের রাঁচিসহ বেশ কয়েকটি শহর সফর করে মুম্বাই ফিরেছিলেন ইমরান। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ব্যাঙ্গালুরুতে আয়োজিত ‘আওয়ারাপন টু’-এর বিশেষ প্রদর্শনীতেও উপস্থিত হতে পারেননি অভিনেতা।
অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন ইমরান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
তবে ইমরানের অসুস্থতার প্রভাব পড়েনি সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্সে। স্বাধীনতা দিবসে মুক্তির পর ‘আওয়ারাপন টু’ এখন পর্যন্ত ভারতের বাজারে প্রায় ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। বক্স অফিসে সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর চেয়েও এগিয়ে রয়েছে ‘আওয়ারাপন টু’।
মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপন’-এর পুরো রানটাইমের আয়কে ছাড়িয়ে যায়। প্রথম শনিবারের মধ্যেই ইমরান হাশমির আগের সফল সিনেমা ‘হক’, ‘রাজ টু’, ‘এক থি ডাইন’ ও ‘জন্নাত’-এর মোট ব্যবসাকেও পেছনে ফেলে দেয় ছবিটি।





















