আন্তর্জাতিক

লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়াকে দায়ী করল জার্মানি

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১০:৫৫:০৬ প্রিন্ট সংস্করণ

জার্মানির লিপজিগ বিমানবন্দরে গত মাসে বিস্ফোরক বহনকারী ড্রোন হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেছেন, হামলাটি ইউরোপে রাশিয়ার ‘হাইব্রিড অপারেশনের সুপ্রতিষ্ঠিত ধারা’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যতে জার্মানি আবারও এমন হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গত ৪ আগস্ট পূর্ব জার্মানির লিপজিগ বিমানবন্দরে একটি বিস্ফোরক বহনকারী ড্রোন পাওয়া যায়। ড্রোনটি ইউক্রেনের কার্গো বিমানের কাছাকাছি ছিল। তবে ডেটোনেটর বিকল থাকায় বিস্ফোরণ ঘটেনি বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, কাছাকাছি একটি কার্গো বিমানের সঙ্গে দ্বিতীয় একটি ড্রোনের সংঘর্ষও হয়েছিল। ঘটনার ১০ দিন পর বিমানবন্দরের কাছে তৃতীয় একটি ড্রোনও পাওয়া যায়।

ডোব্রিন্ট বলেন, ড্রোনে ব্যবহৃত সরঞ্জাম পরীক্ষা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হামলায় রাশিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

তবে রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার অভিযোগ করেন, মস্কোকে দায়ী করার জন্য জার্মানিই ঘটনাস্থলে প্রমাণ সাজিয়েছে। অবশ্য নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। বার্লিনে রুশ দূতাবাসও রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে।

হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল জানিয়েছেন, বন শহরে অবস্থিত রুশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে বার্লিনে রুশ হাউস পরিচালনার চুক্তিও বাতিল করা হবে। সমালোচকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি গুপ্তচরবৃত্তি ও রুশ প্রচারণা ছড়ানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে।

রুশ নাগরিকদের প্রবেশের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথাও জানিয়েছেন ভাদেফুল। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে ব্যবহৃত রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ পুরোনো ট্যাংকারগুলোর ওপর চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

ভাদেফুল রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভকে তলব করেছেন। ঘোষণার কিছুক্ষণ পর তাকে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা যায়।

জার্মানির এসব পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া ‘আয়নার মতো পাল্টা’ ব্যবস্থা নেবে। রুশ দূতাবাস জার্মানির পদক্ষেপকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছে।

লিপজিগ বিমানবন্দরে হামলার ঘটনায় জার্মানির পাশে থাকার ঘোষণা দিয়েছে ন্যাটো। জোটটির মহাসচিব মার্ক রুটে বলেছেন, ন্যাটো জার্মানির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। তিনি বলেন, রাশিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ স্পষ্ট এবং জার্মানির নেওয়া পদক্ষেপকে তিনি স্বাগত জানান।

আরও খবর

Sponsered content