আন্তর্জাতিক

নির্ধারিত সময়ের আগেই আরাগচিকে নিউইয়র্ক ছাড়ার নির্দেশ দিয়েছিলেন রুবিও

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৬ , ৩:০৪:৪৫ প্রিন্ট সংস্করণ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও তার প্রতিনিধিদলকে নির্ধারিত সময়ের আগেই শহর ছাড়ার নির্দেশ দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তবে ইরানের জাতিসংঘ প্রতিনিধিদল এ দাবি অস্বীকার করে জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই তারা নিউইয়র্ক ছেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এবং তাদের প্রতিনিধিদলকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভিসা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে তাদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

জাতিসংঘে ভাষণ দেওয়ার এক দিন পর গত সপ্তাহেই নিউইয়র্ক ছাড়েন পেজেশকিয়ান। তবে আরাগচি নিউইয়র্কে থেকে যান। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, সংঘাতের অবসান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তার।

কয়েকটি সূত্রের বরাতে জানা যায়, বুধবার পর্যন্ত নিউইয়র্কে থাকার পরিকল্পনা ছিল আরাগচির। তবে সপ্তাহান্তে ইরান ও কাতারের মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তেমন অগ্রগতি না হওয়ায় রুবিও ধৈর্য হারান বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।

তাদের ভাষ্য অনুযায়ী, সোমবার রুবিও ইরানি প্রতিনিধিদলকে নিউইয়র্ক থেকে অবিলম্বে চলে যেতে বলেন। জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠক শেষ হয়ে যাওয়ায় তাদের আর নিউইয়র্কে থাকার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। এক কর্মকর্তা দাবি করেন, রুবিও মনে করেছিলেন ইরানি প্রতিনিধিদল ‘এখানে থাকার সুযোগের সীমা ছাড়িয়ে গেছে’।

এরপর মঙ্গলবার ভোরে আরাগচি ও তার প্রতিনিধিদল নিউইয়র্ক ত্যাগ করে।

তবে ইরানের জাতিসংঘ প্রতিনিধিদল বুধবার এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জানায়, ১৭ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানানো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক ছাড়ে ইরানি প্রতিনিধিদল।

বিবৃতিতে বলা হয়, কোনো ফলাফল অর্জন করতে না পেরে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘ভিত্তিহীন ও মূল্যহীন খবর’ ছড়াচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি এবং চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে আরাগচির নিউইয়র্ক সফর ঘিরে এ নতুন বিতর্ক সামনে এলো।

আরও খবর

Sponsered content