আন্তর্জাতিক

নেপালের বন্যায় নিখোঁজদের সন্ধানে হাসপাতালে স্বজনদের ভিড়

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ২:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ

নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের সন্ধানে রাজধানী কাঠমান্ডুর বির হাসপাতালের করিডোরে ভিড় করছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুয়া জেলায় নিখোঁজদের খোঁজে স্বজনেরা হাসপাতাল ও বিভিন্ন উদ্ধারকেন্দ্রে ছুটে বেড়াচ্ছেন।

বার্তাসংস্থা এএফপিকে নিখোঁজ বড়ভাইয়ের সন্ধানে আসা সুবাস খাতানি জানান, রাসুয়ায় নিখোঁজদের মধ্যে তার বড় ভাই রাম শরণ রাসাইলিও রয়েছেন। ভাইয়ের সন্ধানে তারা হাসপাতালে এসেছেন বলে জানান তিনি।

চিত্র বাহাদুর নেপালিও তার ভাগ্নে যুবরাজ সেবকের খোঁজে হাসপাতালে এসেছেন। পেশায় চালক যুবরাজ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাসুয়া জেলার দিকে যাওয়ার পথে নিখোঁজ হন।

ভাগ্নের ছবি মোবাইল ফোনে দেখিয়ে চিত্র বাহাদুর বলেন, বন্যার আগের দিন সকাল প্রায় ৮টা পর্যন্ত তার বোনের সঙ্গে যুবরাজের যোগাযোগ ছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি বলেন, নিখোঁজদের যে তালিকাগুলো তারা দেখেছেন, সেগুলোর কোনোটিতেই যুবরাজের নাম নেই। একই পরিবারের আরও একজন সদস্য নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

ভয়াবহ বন্যার পর রাসুয়া ও আশপাশের এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নিখোঁজ ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করা এবং স্বজনদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এদিকে উদ্ধারকারী দল দুর্গত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। নিখোঁজদের সন্ধানে স্বজনদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও কাজ করছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা, কাদামাটি ও ধ্বংসাবশেষের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

আরও খবর

Sponsered content