সারাদেশ

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মান্দায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  নওগাঁ প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১০:২১:১৫ প্রিন্ট সংস্করণ

 

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা কর্মবিরতি ও মানববন্ধন করেন।

কর্মবিরতির সময় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন বিএমটিএ নওগাঁ জেলা শাখার সভাপতি ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) অমল কুমার প্রামাণিক, ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, ফার্মাসিস্ট মনিরুল ইসলাম ও সাইফুল ইসলাম টুকু প্রমুখ।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ১০ম গ্রেডের দাবিতে আন্দোলন করছি। একই যোগ্যতা ও দায়িত্ব পালন করেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বারবার বৈষম্যের শিকার হচ্ছেন। আমাদের দাবি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও আজও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”

তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে ৪ ডিসেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করা হবে এবং প্রয়োজনে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।”

কর্মবিরতির কারণে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধসেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন। বিশেষ করে জরুরি পরীক্ষায় বিলম্ব হওয়ায় রোগী ও স্বজনদের অপেক্ষা করতে হয়।

কর্মবিরতিতে ক্ষুব্ধ হলেও রোগীরা জানান, “আমরা চাই দ্রুত দাবি মেনে নিয়ে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করা হোক।”

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, কর্মবিরতির বিষয়টি আগেই জানা ছিল এবং জরুরি সেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, দাবি আদায়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দৃঢ় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, শান্তিপূর্ণ এই আন্দোলন দ্রুত কোনো সমাধানে না পৌঁছালে তা দেশব্যাপী বিস্তৃত হতে পারে।

আরও খবর

Sponsered content