সারাদেশ

খাজুরায় ১৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

  সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর): ৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৫৫:৪৬ প্রিন্ট সংস্করণ

মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ দিতে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত ১৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা সার্টিফিকেট দিয়েছে কানাডাভিত্তিক সেবামূলক সংগঠন তাবাস্সুম ফাউন্ডেশন।

শনিবার বেলা ১১টায় মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্দবিলা, জহুরপুর ও লেবুতলা ইউনিয়নের যাদবপুর, খালিয়া, টিপিএম, চণ্ডীপুর ও এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এতে সংবর্ধিত হয়।

তাবাস্সুম ফাউন্ডেশন-কানাডার হেড অব দ্য প্রজেক্ট (মেরিটকেয়ার) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাজুরা এলাকার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোস্তাকিম বিন জামান।

তিনি বলেন, গ্রামীণ শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের প্রতিভার বিকাশে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি উপকারভোগী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ানো হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, শিক্ষাবিদ আব্দুল হামিদ লস্কার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রভাষক মাহমুদুল আক্তার, চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব হোসেন, সেকেন্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান এবং তাবাস্সুম ফাউন্ডেশন-কানাডার কো-অর্ডিনেটর আকাশ হোসেন।

বক্তারা বলেন, শিশুদের মেধা বিকাশে উৎসাহ, সহযোগিতা ও উপযুক্ত পরিবেশ প্রয়োজন। বিশেষ করে গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অন্যদেরও ভালো ফলাফলে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content