সারাদেশ

ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে পিটিয়ে দুজনকে হত্যা

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৬ , ৩:২২:২৫ প্রিন্ট সংস্করণ

‎কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নিয়ে পাহাড়ে আটকে রেখে ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। এতে মোক্তার কামাল ও মোহাম্মদ আকবর প্রকাশ আব্বুইয়া নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।

নিহতদের একজনের বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ডদৈংগাকাটা ও আরেকজনের বাড়ি ২ নং ওয়ার্ড আমতলী ঘোনা।

‎আজ বুধবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট কার্যালয়ের পাশের পাহাড়ি এলাকা থেকে মরদেহ ও আহত দুজনকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে পানখালী ভিলেজার পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় হতাহতদের পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মুক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে মোহাম্মদ আকবর প্রকাশ আব্বুইয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত ইলিয়াছ ও আলী আহমদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পাহাড়ি এলাকায় মাদক আত্মসাতের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলী এলাকার আবুল হোসনের ছেলে ইলিয়াস এবং একই এলাকার আলী আহমদকে।

উদ্ধার হওয়া আহত ইলিয়াসের দাবি, মাদকের একটি চালান চেকপোস্ট পার করে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা পাহাড়ে অন্য একটি দলের কাছে হস্তান্তরের জন্য নেওয়া হচ্ছিল। পথে ডাকাত দলের সদস্যরা চালানটি ছিনিয়ে নেয়।

‎ইলিয়াস আরও জানান, হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার মিজান তাদের চারজনকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিচারের কথা বলে সোমবার রাতে হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে তাদের পাহাড়ি এলাকায় নিয়ে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। তাদের হাতে অস্ত্র ছিল।

‎হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, সকালে এক যুবকের মরদেহ ও দুজনকে আহত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে সাধারণ মানুষের যাতায়াত কম। পরে দুপুরে পাহাড়ি এলাকা থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়।

‎তিনি আরও বলেন, খবর নিয়ে জানা যায় যে ইয়াবা আত্মসাৎ নিয়ে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। খুব দুঃখের বিষয় ইয়াবার চালান নিয়ে দুটি তাজা প্রাণ হারিয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাছে জোরালো দাবি জানাচ্ছি।

‎এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হ্নীলা ইউনিয়নের পানখালী ও উলুচামরী-লেচুয়াপ্রাং মধ্যবর্তী পেয়ারা বাগান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content