প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭:১২:৪১ প্রিন্ট সংস্করণ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিক (৩৩) এর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই রিমান্ডের আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানা এসআই মো. নাফিউল ইসলাম ৩০ অগাস্ট আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।
এদিন শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে ইফতেখার অনিকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এদিকে রিমান্ড শুনানি জন্য ইফতেখার অনিককে আদালতে হাজির করা হবে জেনে সকাল থেকেই তার বিচারের দাবিতে আদালত এলাকায় কয়েকশ মানুষ জড়ো হন। তারা বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে গত ২৮ অগাস্ট জনৈক আরিফুজ্জামান সাইবার নিরাপত্তা আইনসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার পরদিন রাতে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ইফতেখার অনিককে গ্রেপ্তার করা হয়। গত ২৯ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়— ইফতেখার অনিক দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকার মো. আলমের ছেলে। তিনি ‘Iftekhar Anik’ নামের ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন পোস্ট ও মন্তব্য করে আসছিলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত ২৭ অগাস্ট বিষয়টি বাদীর নজরে এলে তিনি স্থানীয়দের অবহিত করেন। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে, অনিক তাদের সামনে ধর্মীয় বই-পুস্তক ছিঁড়ে ফেলে এবং সেখান থেকে কৌশলে পালিয়ে যান।





















