মেহেরপুর প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৮:২০:০০ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দায়িত্বশীলতা বৃদ্ধি করে, যা ভবিষ্যতে সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।




















