মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৪ মার্চ ২০২৬ , ১১:১৫:৩৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর নির্বাচনী ডিউটিতে অনিয়ম, ভাতা আত্মসাৎ ও পরিচয় জালিয়াতির অভিযোগে দুই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি দৈনিক মতপ্রকাশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, মাধবপুরে ডিউটি বরাদ্দ, সদস্য নিয়োগ ও ভাতা প্রদানে অনিয়মের অভিযোগে দুটি লিখিত আবেদন জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উপজেলা আনসার ভিডিপি কমান্ডার ওয়াহাব মিয়া এবং দলনেতা হাবিব মিয়া-কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ৯৪টি কেন্দ্রে মোট ১,২২২ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রত্যেক সদস্যের জন্য ৮,২৬০ টাকা দেওয়া হওয়ার কথা থাকলেও অনভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্বে নিয়োগ দিয়ে অর্থ আত্মসাৎের অভিযোগ উঠেছে।
এছাড়া কিছু সদস্যের নামে বরাদ্দকৃত ভাতা অন্যদের মাধ্যমে উত্তোলনের অভিযোগও রয়েছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, নিয়মিত ও তালিকাভুক্ত সদস্যদের বাদ দিয়ে অনভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্বে নেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে প্রকৃত প্রাপ্য ভাতা পরিশোধ করা হয়নি। এমনকি কিছু সদস্যের মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা পাঠিয়ে পরে তা ফেরত নেওয়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।
হবিগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মজিবুল হক বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের শোকজ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট সদস্য ও স্থানীয় জনগণ।




















