মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৬:০৭ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়া নেতাকর্মীরা পাঁচ বছর পর আবার জামায়াতে ফিরেছেন।
জামায়াতের সাবেক নেতা ও এবি পার্টির কেন্দ্রীয় সম্পাদকীয় মন্ডলীর সদস্য, দিনাজপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশের নেতৃত্বে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের ধানহাটি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৪০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। কয়েকদিন আগে পলাশ এবি পার্টির সব পদ থেকে পদত্যাগ করেন।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা জামায়াতের আমীর হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের দিনাজপুর-৬ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক ও সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত।
উল্লেখ্য, মেহেদী হাসান চৌধুরী পলাশ একসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন।




















