নওগাঁর মান্দা উপজেলায় বিএনপি কার্যালয় ও কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দলীয় কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি দোকান ও একটি ক্লাবঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ বিএনপি কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কার্যালয় ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি (তদন্ত) আব্দুল গণি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয় ও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
অগ্নিকাণ্ডকে পরিকল্পিত বলে দাবি করেছেন ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেন, “গভীর রাতে আমাদের কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি পরিকল্পিত ঘটনা বলে আমরা মনে করছি। পাশের দোকানগুলোও পুড়ে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, “ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। এতে আমাদের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। দ্রুত প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।