সারাদেশ

যশোরে অবৈধভাবে ডিজেল বিক্রি, পাম্প ম্যানেজারকে জরিমানা

  সাঈদ ইবনে হানিফ , যশোর ৭ এপ্রিল ২০২৬ , ৬:৩৬:৩৪ প্রিন্ট সংস্করণ

যশোরের খাজুরায় নিয়মবহির্ভূতভাবে ইটভাটায় ব্যবহারের জন্য ডিজেল সরবরাহের দায়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাত ১১টার পর খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পাশে অবস্থিত ‘তাহের মেসার্স ফিলিং স্টেশন’ থেকে নিয়মবহির্ভূতভাবে প্রায় ৬০০ লিটার ডিজেল ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ব্যারেলভর্তি ডিজেল আটকে রেখে প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে পেট্রোলিয়াম আইনে পাম্পের ম্যানেজার মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, নিয়মবহির্ভূতভাবে ডিজেল সরবরাহের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়েছে। জ্বালানি খাতে অনিয়ম ও কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content