প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ , ১১:৫৫:১১ প্রিন্ট সংস্করণ
‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে রয়েছে ছবিটি। বিশেষ করে যশের সঙ্গে কিয়ারা আডবাণী ও তারা সুতারিয়ার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। পর্দায় স্বামীকে এমন দৃশ্যে দেখে অভিনেতার স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া কী তা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ কম নয়। এবার সেই বিষয়েই মুখ খুলেছেন যশ।
অভিনেতা জানিয়েছেন, এমন দৃশ্য দেখে রাধিকা যে খুব একটা স্বস্তি বোধ করবেন না, সেটি তিনি জানেন। তবে এ নিয়ে তাদের সম্পর্কে কোনো ধরনের টানাপোড়েন তৈরি হবে না বলেও স্পষ্ট করেছেন যশ। কারণ, রাধিকা তার পেশার বাস্তবতা বোঝেন এবং তাকে পুরোপুরি বিশ্বাস করেন।
যশের কথায়, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা তার নিজের কাছেও খুব সহজ বিষয় নয়। কিন্তু সিনেমার গল্পের প্রয়োজনেই কিছু দৃশ্য করতে হয়। আর ‘টক্সিক’-এর ক্ষেত্রে এসব দৃশ্য গল্পের গুরুত্বপূর্ণ অংশ বলেই জানিয়েছেন তিনি।
অভিনেতা বলেন, রাধিকা হয়তো এসব দেখে খুশি হবেন না, কিন্তু তাই বলে তার ওপর রাগ করবেন না। কারণ তাদের সম্পর্কের অন্যতম ভিত্তি পারস্পরিক বিশ্বাস।
রাধিকা নিজেও অভিনয়জগতের মানুষ। তাই পর্দার চরিত্র আর বাস্তব জীবনের সম্পর্কের পার্থক্য তিনি ভালোভাবেই বোঝেন বলে মনে করেন যশ। তার মতে, অভিনয়ের সময় একজন অভিনেতা চরিত্রের প্রয়োজন অনুযায়ী কাজ করেন; সেখানে ব্যক্তিগত সম্পর্কের পরিচয়টি সামনে থাকে না। তবে যশ এটাও স্বীকার করেছেন, সঙ্গীকে এমন ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যে কারও জন্যই অস্বস্তিকর হতে পারে। বিষয়টি নিয়ে রাখঢাক না করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে অস্বস্তি হওয়া স্বাভাবিক।
অভিনেতার মতে, সিনেমা একটি শিল্পমাধ্যম। গল্পের প্রয়োজনে কখনও কখনও এমন দৃশ্য দেখানোর প্রয়োজন হয়। তাই ব্যক্তিগত অনুভূতি ও অভিনয়ের দায়িত্বকে তিনি আলাদা করে দেখেন।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আডবাণী, নয়নতারার, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। আগামী ২৬ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।















