সারাদেশ

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে ১৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন

  নওগাঁ প্রতিনিধি: ২ সেপ্টেম্বর ২০২৬ , ৪:৩৭:০৭ প্রিন্ট সংস্করণ

দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল এবং ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়ন নিয়ে নওগাঁর মহাদেবপুরে প্রচার ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ও উপশাখার যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক পিএলসি মহাদেবপুর শাখার এজিএম ও শাখা প্রধান পরিতোষ চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এফএভিপি ও মহাদেবপুর শাখা প্রধান মো. মামুনুর রশিদের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ ও তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া কার্যালয়ের কৃষিঋণ বিভাগের সহকারী পরিচালক মো. রাকি মিয়া।

তিনি উত্তরবঙ্গকেন্দ্রিক বিশেষ কৃষি তহবিল এবং ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের বিভিন্ন দিক তুলে ধরেন। কৃষক ও কৃষি উদ্যোক্তাদের জন্য এ তহবিলের সুযোগ-সুবিধা, ঋণপ্রাপ্তির প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনতা ব্যাংক পিএলসি নওগাঁ এরিয়া অফিসের ডিজিএম মো. ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম রব্বানী ও উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ।

এর আগে উপজেলা প্রশাসন মসজিদের পেশ ইমাম মো. জাহিদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন জনতা ব্যাংক পিএলসি মহাদেবপুর শাখার ব্যবস্থাপক এ এন এম খায়রুজ্জামান।

কর্মশালায় বক্তারা বলেন, পুনঃঅর্থায়ন সুবিধা উত্তরবঙ্গের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক কৃষক ও কৃষি উদ্যোক্তারা যাতে হয়রানিমুক্ত পরিবেশে সহজ শর্তে এ তহবিল থেকে ঋণ সুবিধা পান, সে বিষয়ে ব্যাংকগুলোকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।

কর্মশালায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content