সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ২ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৫২:৫৬ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি জায়গা ও পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবন ভাঙার কাজ শুরু করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলা পরিষদের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি জায়গার ওপর নির্মিত ভবনটির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা জেলা প্রশাসনের কোনো পূর্বানুমোদন নেওয়া হয়নি। ভবনটির নিচের অংশ পুকুরের পানির ওপর পিলার দিয়ে নির্মাণ করা হয়েছে। জেলা পরিষদের দাবি, এ ধরনের নির্মাণ শুধু অবৈধ নয়, ঝুঁকিপূর্ণও। পাশাপাশি স্থাপনাটির কারণে বাজারের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছিল।
উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, জেলা পরিষদের জায়গায় কোনো স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন প্রয়োজন। কিন্তু এ স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
তিনি বলেন, “স্থাপনাটির ওপরের অংশের যেমন কোনো অনুমোদন নেই, তেমনি নিচের অংশ পুকুরের ওপর সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণেই আইন অনুযায়ী স্থাপনাটি ভেঙে দেওয়া হচ্ছে।”
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা ভবনটির ওপরের অংশের বিভিন্ন স্থাপনা অপসারণ করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ভবনটির দুইতলার অবৈধ অংশ অপসারণ করা হচ্ছে। পরবর্তী সময়ে আইন ও বিধিবিধান অনুযায়ী স্থাপনাটির অন্যান্য অবৈধ অংশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযান চলাকালে কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ উপস্থিত ছিলেন। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে ছিলেন।
এদিকে প্রশাসনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, পুকুরের ওপর স্থাপনাটি নির্মাণের পর থেকেই বাজারের পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সরকারি সম্পত্তি ও জলাশয় রক্ষায় এ ধরনের অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।





















