প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ১২:৩১:০০ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। এ ছাড়া আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















