প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ২:১১:৩৯ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে তীব্র বিরোধ ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে ছাত্রলীগের পরিচিত নেতাদের অন্তর্ভুক্তি এবং দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত ছাত্রদল কর্মীদের বঞ্চিত করার অভিযোগে একাংশের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। তারা এই কমিটিকে সম্পূর্ণভাবে ‘অগ্রহণযোগ্য’ দাবি করে অবিলম্বে বাতিলের আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “ঘোষিত কমিটিতে ছাত্রলীগের একাধিক সক্রিয় নেতাকে জায়গা দেওয়া হয়েছে, যা ছাত্রদলের আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী। রাজপথে নির্যাতিত ও ত্যাগী কর্মীরা আজ অবহেলিত। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট একটি সিদ্ধান্ত।”
বিক্ষোভে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রিমন দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত-ই সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ও রকি বাবু, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমি আক্তার, সদস্য মো. শুভ, হৃদয় হাসান, ফজলে রাব্বি ও আশিকুর রহমান প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই অগণতান্ত্রিক কমিটি যদি অবিলম্বে বাতিল না করা হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
এ বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি মো. এজাজ আহম্মেদ পায়েল বলেন, “কেন্দ্র থেকে প্রতিনিধিরা যোগ্যতার ভিত্তিতে যাচাই-বাছাই করে এই কমিটি ঘোষণা করেছে।”
তবে আন্দোলনকারীদের অভিযোগ, কমিটি গঠনে যোগ্যতার চেয়ে ‘চেনাজানা’, রাজনৈতিক প্রভাব এবং ছাত্রলীগ সংশ্লিষ্ট অছাত্রদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা প্রকৃত ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে চরম অবিচার। এতে সংগঠনের ভেতরে বিভ্রান্তি ও ভাঙনের আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।




















