প্রতিনিধি ১০ জুলাই ২০২৫ , ৫:২০:৩০ প্রিন্ট সংস্করণ
হাসান তারেক হিমন, রংপুর : রংপুর ক্যাডেট কলেজ এবারও তার গৌরবময় শিক্ষা-ঐতিহ্য ধরে রেখেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কলেজটির সকল পরীক্ষার্থী ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণকারী ৪৫ জন ক্যাডেটই পেয়েছে সর্বোচ্চ গ্রেড—জিপিএ ৫।
ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার দুপুর থেকেই ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের মুখে হাসি, হাতে ফুল ও অভিনন্দনে মুখর ছিল কলেজ প্রাঙ্গণ। এ আনন্দঘন মুহূর্তে কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. মতিউল ইসলাম মন্ডল, পিএসসি, আর্টিলারি, শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
তিনি বলেন, “রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষকদের নিবিড় তদারকি। সেনাসদরের সুনির্দিষ্ট দিকনির্দেশনা, কলেজের প্রশাসনিক তত্ত্বাবধান, শিক্ষকমণ্ডলীর আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতাই এই সাফল্যের মূল ভিত্তি।”
তিনি আরও যোগ করেন, “আমরা শুধু পরীক্ষায় ভালো ফলের দিকে নজর দিই না। ক্যাডেটদের দৈনন্দিন পাঠ্যচর্চার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। এতে তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে, যার মধ্যে থাকে নৈতিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণ।”
রংপুর ক্যাডেট কলেজের এ সাফল্য দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে অভিমত জানিয়েছেন সংশ্লিষ্টরা।





















