মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৫৮:৫৭ প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জুহি নামের ৬ মাসের এক শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেছে তার মা তুলশী রানী। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী হিন্দুপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জুহি ওই এলাকার বাবুলাল ও তুলশী রানী দম্পতির দ্বিতীয় কন্যা। স্থানীয়রা ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ঘাতক মা তুলশী রানীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করছিলেন তুলশী রানী। খাওয়া-দাওয়া বন্ধ করে দেন এবং কারও সঙ্গে কথাবার্তাও বলছিলেন না। সোমবার সকালে শাশুড়ি পাতানি বালা শিশুটিকে মায়ের কোলে খাওয়ানোর জন্য দেন। কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখেন শিশুটি গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তুলশী রানীর হাতে ছুরি।
স্থানীয় ইউপি সদস্য সবিত্রী সেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শুনেছি, শিশুটির মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।”
খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে এবং তুলশী রানীকে আটক করে থানায় নিয়ে যায়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিশুটিকে হত্যা করেছে মা। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”





















