নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৮ এপ্রিল ২০২৬ , ৮:৩৯:৩৬ প্রিন্ট সংস্করণ
রাজধানীর অভিজাত এলাকা বনানীতে ড্রাইভিং পেশার আড়ালে ইয়াবা ও গাঁজার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন আবুল কাসেম নামের এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের চোখ ফাঁকি দিয়ে তিনি একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, বনানীর ওয়্যারলেস গেইট এলাকায় কাসেমের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। বিশেষ করে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশের অনুপম দোকান ও ‘সকাল-সন্ধ্যা’ সেলুনের সামনে তাকে নিয়মিত দেখা যায়। এলাকাবাসীর ভাষ্য, প্রথমে সাধারণ ড্রাইভারের বেশে থাকায় তাকে সন্দেহ করা হয়নি। তবে বর্তমানে তার কর্মকাণ্ড অনেকটাই ওপেন সিক্রেট হয়ে উঠেছে।
সূত্র জানায়, কাসেম মূলত কক্সবাজার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করেন। ড্রাইভিং পেশার সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন যানবাহনে করে ইয়াবা ও গাঁজার চালান ঢাকায় নিয়ে আসেন। পরে বনানীসহ আশপাশের এলাকায় ছোট ছোট গ্রুপের মাধ্যমে সরবরাহ করেন। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে নির্দিষ্ট স্থানে মাদক পৌঁছে দেওয়াও তার কার্যক্রমের অংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়্যারলেস গেইট এলাকার এক ব্যবসায়ী বলেন, “তাকে প্রতিদিন এখানে দেখা যায়। সারাদিন মোবাইল হাতে ঘোরাফেরা করে। বিভিন্ন অপরিচিত লোকজন এসে তার সঙ্গে দেখা করে দ্রুত চলে যায়। আমরা কী হচ্ছে জানি, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না।”
স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “আমাদের কার্যালয়ের পাশে এমন কর্মকাণ্ডের বিষয়টি জানা ছিল না। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে জানানো হবে।”
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা নিয়মিত অভিযান চালাই। অভিযুক্ত ব্যক্তির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত তাকে আইনের আওতায় এনে বনানীকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন।




















