প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ , ১১:২২:৪০ প্রিন্ট সংস্করণ
মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে বিমান হামলা চালিয়েছে। রোববার ভোরে দেশটির কেশম দ্বীপে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। হামলার সময় দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিটের মধ্যে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানায়, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দারা ভোর ৪টার আগেই বিস্ফোরণের শব্দ শুনতে পান। বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান এবং কারণ প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে।
পরে মেহর নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় আনুমানিক ভোর ৩টা ৪০ মিনিটে কেশম দ্বীপসংলগ্ন একটি স্থাপনায় হামলা হয় এবং এটিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলা বলে উল্লেখ করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার সন্ধ্যায় (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা শুরু হয়েছে।
সেন্টকমের দাবি, এসব হামলার উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা আরও দুর্বল করা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে দ্রুত শাস্তি দেওয়া।





















