সারাদেশ

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে ব্রিজ নির্মাণের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের

  শেখ শোভন আহমেদ: ১৭ মার্চ ২০২৬ , ৬:৩৩:১৭ প্রিন্ট সংস্করণ


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দস্তন পশ্চিমপাড়া এলাকায় সরকারি খাল দখল করে অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে খালের স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনাটি ঘিরে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে দস্তন পশ্চিমপাড়ার কাঁঠালীয়া খালের দুই পাশ দখল করে ব্যক্তিগত চলাচলের জন্য ব্রিজ নির্মাণ করছেন মৃত ইয়াকুব মোল্লার ছেলে আলমগীর হোসেন ও তার তিন ভাই। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, এভাবে ব্রিজ নির্মাণ হলে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। ব্রিজের পিলার খালের মাঝখানে বাধা সৃষ্টি করলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যেতে পারে। এতে কয়েক হাজার কৃষক সেচ সংকটে পড়বেন।

সরেজমিনে দেখা গেছে, কাঁঠালীয়া খালের মাঝখান ও দুই পাশে আরসিসি পিলার বসিয়ে আলমগীর মোল্লা তার বাড়ির সামনে ব্রিজ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে আলমগীর মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ছোট ভাই হাফিজুর মোল্লা কথা বলেন। তিনি জানান, “আমাদের কয়েকটি পরিবারের যাতায়াতের সুবিধার জন্য নিজস্ব অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের জানানো হয়েছে। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হবে।”

তবে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী বা পানি উন্নয়ন বোর্ডকে আগে থেকে অবহিত করা হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, “এখনো কাউকে জানানো হয়নি, তবে জানানো হবে।”

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যক্তিগত উদ্যোগে জনসাধারণের সুবিধার্থে খালের ওপর ব্রিজ নির্মাণ করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে পানি প্রবাহ ও নৌ চলাচল স্বাভাবিক রাখতে হবে। এমন কোনো স্থাপনা করা যাবে না, যা পানি চলাচলে বাধা সৃষ্টি করে বা খাল বন্ধ করে দেয়। এছাড়া ব্রিজ নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

স্থানীয়দের দাবি, কৃষি ও পানি ব্যবস্থার ক্ষতি এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

আরও খবর

Sponsered content